সাংবাদিক শফিক রেহমান হাসপাতালে ভর্তি
“চিকিৎসকরা এমআরআই, সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার দিয়েছেন; এগুলো করা হচ্ছে। তবে উনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। হাঁটতেও পারছেন না।”
বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।
বিএসএমএমইউর চিকিৎসক অধ্যাপক সাখাওয়াত হোসেন সায়ান্থ বলেন, “শফিক ভাই ভীষণ দুর্বল হয়ে পড়েছেন, খেতে পারছিলেন না বলে তাকে হাসপাতালে আনা হয়েছিল। পরে উনি আরও অসুস্থবোধ করলে চিকিৎসকদের পরামর্শে কেবিনে ভর্তি করা হয়েছে।
“চিকিৎসকরা এমআরআই, সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা দিয়েছেন; এগুলো করা হচ্ছে। তবে উনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। হাঁটতেও পারছেন না।”
অধ্যাপক শামীম আহমেদের তত্ত্বাবধায়নে কেবিনে চিকিৎসাধীন আছেন শফিক রেহমান।
সংবাদ পাওয়ার পর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিএসএমইউয়ে গিয়ে শফিক রেহমানের খোঁজ-খবর নেন।
এ সময় তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। আমি সব জেনে উনাকে তা জানিয়েছি।”
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমানসহ কয়েকজন বিশেষজ্ঞ চিকৎসকও শফিক রেহমানকে দেখতে আসেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
২০১৫ সালের ৩ অগাস্ট পল্টন থানায় পুলিশের একজন কর্মকর্তার করা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে যুক্তরাজ্য চলে যান তিনি।
ছয় বছর পর যুক্তরাজ্য থেকে গত ১৮ অগাস্ট দেশে ফেরেন শফিক রেহমান।
