Published : 11 Aug 2026, 12:01 AM
বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান আরো সহজ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন ‘ভিসা নীতিমালা’ অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বর্তমানে চালু থাকা ২০০৬ সালের ‘ভিসা নীতিমালা’ অনুযায়ী বাংলাদেশের ভিসার ক্যাটাগরি ছিল ৩৩টি। নতুন নীতিমালায় ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথিয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই নতুন ভিসা নীতিমালা প্রণীত হয়েছে।
নতুন ভিসা নীতির ভিত্তিতে পূর্ববর্তী ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সমন্বিত ও আধুনিক ভিসা ফ্রেমওয়ার্ক তৈরি করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলো সমন্বিতভাবে এটি বাস্তবায়ন করবে।
একইদিন ব্যাংক খাতে সংকট মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই সংশোধনীর মাধ্যমে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইনের ১৮ক ধারা বিলুপ্ত হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তফসিলি ব্যাংকের মূলধন ও তারল্য সংকট, দেউলিয়াত্ব কিংবা অস্তিত্বের ঝুঁকি মোকাবিলায় ২০২৫ সালে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি করা হয়। পরে সংসদে আইন পাসের সময় বিশেষ কমিটির সুপারিশে ১৮ক ধারা যুক্ত করা হয়েছিল। তবে আইন কার্যকর হওয়ার পর এ ধারার আওতায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় সরকার এটি বাতিলের উদ্যোগ নেয়।