১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার তরুণ রিমান্ডে

জামালপুরের মাদারগঞ্জ থেকে গত রোববার ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার তরুণ রিমান্ডে
গ্রেপ্তার কাকন রানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 07:25 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং সহকারী একান্ত সচিব-২ আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম গত রোববার জামালপুরের মাদারগঞ্জ থেকে কাকন রানা নামে ওই তরুণকে গ্রেপ্তার করে। 

তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার মামলা হওয়ার পর সোমবার কাকন রানাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এসআই বিপুল হোসেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেয় বলে তথ্য প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেনের।

রিমান্ডের আবেদনে বলা হয়, কাকন রানা প্রাথমিকভাবে ফেইসবুকে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর স্ত্রী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে তৈরি একাধিক ভুয়া ফেইসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে। অপরাধের আসল উদ্দেশ্য উদঘাটন, সহযোগী বা অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিম কার্ড উদ্ধারে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

এর আগে প্রতারণার অভিযোগে প্রধানমন্ত্রীর এপিএস-২ আবদুর রহমান সানির পক্ষে মইনুল ইসলাম রনি রোববার বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, একটি অজ্ঞাত চক্র প্রধানমন্ত্রীর এপিএস-২ আবদুর রহমান সানির নামে ভুয়া ফেইসবুক প্রোফাইল তৈরি করে তার নাম ও ছবি ব্যবহার করছিল। ওই আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠিয়ে নানা সহযোগিতার আশ্বাস দিয়ে সম্মানহানি, ব্লাকমেইলিং ও প্রতারণা করা হত।