১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসির চতুর্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন এসএসসি পরীক্ষার্থী।

এসএসসির চতুর্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

‎এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে পরীক্ষায় ৩২ হাজার ৩৯২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন বহিষ্কার হয়েছেন ৪৯ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন এসএসসি পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষাতে ৩ হাজার ৬৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

‎মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‎

এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে নয়টি সাধারণ ধারা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এদিন দাখিলের আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য জানানো হয়।

পরীক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক কড়াকড়ি এবং সিসিটিভি নজরদারির মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে নকল ও অসদুপায় অবলম্বন করায় ৪৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২৪ জন এসএসসি পরীক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৪ জন দাখিল পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১ জন পরীক্ষার্থী রয়েছেন৷ 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১০ হাজার ৮০ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ১৮৪ জন৷ ‎

‎এরমধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৪ হাজার ৯০১ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩৯ জন। এ বোর্ডের ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

‎রাজশাহী বোর্ডে ১ লাখ ৫৬ হাজার ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৪৩ জন অনুপস্থিত ছিলেন। 

কুমিল্লা বোর্ডে ১ লাখ ২২ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৭২ জন অনুপস্থিত ছিলেন এবং বহিষ্কৃত হয়েছেন ১ জন।

‎যশোর বোর্ডের ১ লাখ ২২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৭ জন এবং বহিষ্কৃত হয়েছেন ২ জন। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৫ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬১৯ জন অনুপস্থিত ছিলেন এবং বহিষ্কৃত হয়েছেন ১ জন। 

‎সিলেট বোর্ডে ৭২ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৮৭ জন এবং বহিষ্কৃত হয়েছেন ২ জন। বরিশাল বোর্ডের ৭৩ হাজার ৮৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী এবং বহিষ্কৃত হয়েছেন ৬ জন।

‎এছাড়া দিনাজপুর বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬২৭ জন। আর ময়মনসিংহ বোর্ডে ৮৭ হাজার ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১২৮ জন এবং বহিষ্কৃত হয়েছেন ৫ জন।

‎এদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪০ হাজার ৭৩২ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থী।‎

‎আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। মোট ১ লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১১ হাজার ২৮৭ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪ জন।