১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ‘সন্তুষ্ট’

তার দাবি, গতবছরের সঙ্গে তুলনা করলে যে কোনো মানদণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘উন্নতি’ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 05:55 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে আরও সময় লাগবে; তবে বর্তমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 

সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের ডাটা তো সেরকম বলে না।”

তিনি বলেন, পুলিশ সদরদপ্তর খুন, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন এবং অস্ত্র মামলাসহ অন্যান্য অপরাধের বিষয়ে জেলাভিত্তিক যে পরিসংখ্যান তৈরি করে, তা তিনি সংসদেও উপস্থাপন করেছেন।

“২০২৫ সালের তুলনায় আমরা, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সংখ্যা দিয়ে দেখেছি। এটা হচ্ছে আমাদের সূত্র, সরকারি সূত্র, আপনারা যাচাই করতে পারেন। কিন্তু মুখে যদি বলেন যে সবাই চুরি-ছিনতাই হচ্ছে, কী অবস্থা, এভাবে প্রশ্ন করা...।”

একজন সাংবাদিক এসময় বলেন, দেশে খুন বেড়েছে, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও সে কথা বলেছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেন, “আমি তো বলিনি।”

তিনি বলেন, “আমরা (যদি) হিস্টোরিক কম্পারিজন করি, বিগত সালের (সাথে)… সে তথ্য অনুসারে সকল মানদণ্ডে, সকল ব্যারোমিটারে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত হয়েছে।”

এ সময় আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, “জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত করতে আরও সময় লাগবে। তবে বর্তমান চিত্রে আমরা সন্তুষ্ট।

আরেকজন সাংবাদিক এ সময় বলেন, পুলিশ সদরদপ্তরের তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অপরাধ বাড়ার বিষয়টি ‘স্বীকার’ করেছেন, সেই পরিসংখ্যানের কাগজও তিনি সাংবাদিকদের দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, “সেই কাগজটা আমাদেরকে দেন, তথ্যটা আমরা একটু যাচাই করে দেখি। আমাদের সূত্র এটা নয়। এখানে কনট্রাডিকশন নিয়ে আসবেন না। অন্য একজন উপদেষ্টা কী বলেছেন, সে তথ্য আমার সামনে নাই। 

“আমাকে দিতে হবে সে তথ্যটা। আমি কথা বলব ডেটাভিত্তিক, প্রমাণভিত্তিক, আমাদের পুলিশের রেকর্ডভিত্তিক। সেই ডেটাটা আপনারা যাচাই করতে পারবেন, কোনো জেলার চিত্রে যদি কোনো বিভ্রান্তি থাকে বা ভুল থাকে, সেটা নিয়ে আপনারা কথা বলতে পারবেন। আমরা তো ভেরি ট্রান্সপারেন্ট।”

মন্ত্রী বলেন, “আপনারা পুলিশ হেডকোয়ার্টার্সে যেতে পারেন, দেখতে পারেন এবং সেটা জেলা থেকে কীভাবে এসছে, ওখানে কোনো মিসইনফরমেশন আছে কি না বা ভুল তথ্য আছে কি না, সেটা আপনারা ধরতে পারেন। কে কোথায় পত্রিকান্তরে কী প্রকাশ করল, সেটা নিয়ে আমি কথা বলতে রাজি না। ধন্যবাদ।”