ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩০ মার্চ
রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ হবে আগামী ৩০ মার্চ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্য বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী বুধবার এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
ট্রাইব্যুনালে কামরুল ও মেননের অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
গত ২ মার্চ প্রসিকিউশনের পক্ষে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আরজি জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আগামী ৩০ মার্চ এ বিষয়ে আদেশ দেবে ট্রাইব্যুনাল।
রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালে।
তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ‘মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনাসহ ধারাবাহিক ষড়যন্ত্র’ করেছিলেন বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
সে সময় ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ গত ৩ ফেব্রুয়ারি আমলে নেয় ট্রাইব্যুনাল।
আওয়ামী লীগ সরকারের সময়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করা মেননকে ২০২৪ সালের ২২ অগাস্ট গ্রেপ্তার করে পুলিশ; তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।
আর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
