২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ৬ অগাস্ট

“কেউ ঘটনাস্থলে উপস্থিত না থেকে অধস্তনদের নির্দেশ দিতে পারেন,” বলেন কৌঁসুলি মিজানুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে; এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ৬ অগাস্ট। 

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ঠিক করে।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন কৌঁসুলি মো. মিজানুল ইসলাম।

মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আজকে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিদের কয়েকজনের পক্ষে আজ শুনানি হয়। এখানে ওনারা মূলত অব্যাহতি চেয়েছেন। 

“আমরা এ বক্তব্য খণ্ডন করে উত্তর দিয়েছি। আমরা বলেছি, কমান্ড রেসপনসিবিলিটি মানে এ নয় কাউকে কমান্ড করতে হলে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। কমান্ড স্ট্রাকচারটা ভিন্নভাবে নির্ধারিত হয়ে থাকে। কেউ ঘটনাস্থলে উপস্থিত না থেকে অধস্তনদের নির্দেশ দিতে পারেন।” 

তিনি বলেন, “এখানে আমরা কয়েকটা ভাগ করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়েকজন আছেন, কয়েকজন কর্মচারী আছেন। কে কী অংশ নিয়েছেন। তাদের কী কী ভূমিকা, তা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি আমাদের আনুষ্ঠানিক অভিযোগ এবং বক্তব্যে। তাদের বিরুদ্ধে কী কী প্রমাণ, অর্থাৎ অডিও, ভিডিও, সিসি ফুটেজ সকল কিছুই আমরা দাখিল করেছি। 

“এ ঘটনায় ‘প্রাইমা ফেসি’ নাই – এটা আসামি পক্ষ প্রমাণ করতে পারে নাই। এ বিষয়টা আমরা ট্রাইব্যুনালকে বলেছি।” 

এই কৌঁসুলি বলেন, ৬ অগাস্ট আদেশের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এবং সেদিন অভিযোগ গঠন হবে।”    

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষে শুনানি করে অভিযোগ গঠনের আবেদন করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার শুনানির সময় ছয় আসামিকে টাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিল।

এদের মধ্যে সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের অব্যাহিত চেয়ে মঙ্গলবার শুনানি হয়। বুধবার বাকি তিনজনের অব্যাহতি চেয়ে শুনানি করেন। এরপর প্রসিকিউশন জবাব দেয়।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

গত ৩০ জুন আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় পলাতক থাকা ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এর আগে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে।

১৩ জুলাই আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 

একইসঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। 

পলাতক থাকা এই ২৪ আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারা অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়েছেন।  

পুরনো খবর:

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের অবশিষ্ট শুনানি বুধবার 

আবু সাঈদ হত্যা: অভিযোগ আমলে, ২৬ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা 

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল 

আবু সাঈদ হত্যা: সাবেক ডিআইজিসহ ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা 

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু