১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু

একই ট্রাইব্যুনালে আশুলিয়ায় মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলাও এদিন চলে।

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু
গ্রাফিতিতে আবু সাঈদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

সোমবার আংশিক শুনানির পর বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেয়।

এদিন এ ট্রাইব্যুনালে আশুলিয়ায় মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলাও চলে। সোমবার সকালে এ তিন মামলায় গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

আবু সাঈদ হত্যা

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন কৌঁসুলি মিজানুল ইসলাম, আব্দুস সাত্তার পালোয়ান ও বি এম সুলতান মাহমুদ।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ পড়ে শোনান এবং ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। এরপর দিনের কার্যক্রম শেষ করে ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন রাখে।    

আবু সাঈদ হত্যা মামলায় সোমবার ছয় আসামিকে হাজির করা হয়। এরা হলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিল।

কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। 

“আগামীকাল আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। এ মামলায় আজ গ্রেপ্তার ছয় আসামিকে হাজির করা হয়েছে।”

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

গত ৩০ জুন আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় পলাতক থাকা ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে।

গত ১৩ জুলাই আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। 

এ মামলায় পলাতক থাকা ২৪ আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। 

লক্ষ্মীপুরে পাঁচ হত্যা

অন্য মামলায় গ্রেপ্তার তিনজনকে এদিন জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

তারা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। 

কৌঁসুলি বি এম সুলতান মাহমুদ জানান, এ মামলার পরবর্তী দিন রাখা হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর। মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। 

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও পোড়ানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন রাখা হয়েছে আগামী ৭ অগাস্ট। 

কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় ১৬ আসামির মধ্যে ৮ জন পলাতক রয়েছেন। এই আট আসামির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ধার্য তারিখে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে।  

মামলাটিতে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুলকে।