১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হাজারীবাগের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

উদ্ধার কাজে সহায়তায় যোগ দিয়েছেন বিজিবির এক প্লাটুন সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

ঢাকার হাজারীবাগে চামড়ার গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

১২টি ইউনিটের চেষ্টায় শুক্রবার বিকাল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে আসার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।

এর আগে বেলা সোয়া ২টার দিকে ট্যানারি কাঁচাবাজার এলাকার সাততলা ভবনের পাঁচতলায় একটি চামড়ার গোদামে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

শাহজাহান বলেন, “আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ২টা ২৩ মিনিটে।”

পরে কয়েক দফায় আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বলে জানিয়েছেন তিনি।

এদিকে উদ্ধার কাজে সহায়তায় বিজিবির এক প্লাটুন সদস্য যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান।