১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃক্ষরোপণে পুরষ্কার পাচ্ছে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সাতটি শ্রেণিতে তাদের ২০২৪ সালের পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 09:50 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় পুরষ্কার।

সাতটি শ্রেণিতে তাদের ২০২৪ সালের পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়। 

মন্ত্রণালয়ে জানায়, ‘ক’ শ্রেণিতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষরোপণে প্রথম স্থান পেয়েছে লালমনিরহাটের দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। 

যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজ দ্বিতীয় ও ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। 

‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। কুষ্টিয়া জেলা পরিষদ দ্বিতীয় ও রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তৃতীয় স্থান পেয়েছে।

‘গ’ শ্রেণিতে ব্যক্তিগত বৃক্ষরোপণে প্রথম হয়েছেন টাঙ্গাইলের দিলরুবা রহমান। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের মুহাম্মদ ইউসুফ এবং তৃতীয় হয়েছেন লালমনিরহাটের মোছা. হাছিনা আখতার।

‘ঘ’ শ্রেণিতে ব্যক্তিমালিকানাধীন নার্সারির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রংপুরের সোহেল নার্সারি। মুন্সীগঞ্জের জননী গার্ডেন সেন্টার দ্বিতীয় ও টাঙ্গাইলের মৌ নার্সারি তৃতীয় হয়েছে।

‘ঙ’ শ্রেণিতে ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক সৃজিত ছাদবাগানের জন্য প্রথম হয়েছে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়। দ্বিতীয় হয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দেলোয়ার হোসেন ও সাবিনা ইয়াসমিন। তৃতীয় হয়েছেন চট্টগ্রামের নাছুহা সাদাফ।

‘চ’ শ্রেণিতে বন বিভাগের উদ্যোগে সৃজিত বাগানের মধ্যে প্রথম হয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। নোয়াখালীর উপকূলীয় বন বিভাগ দ্বিতীয় ও যশোরের সামাজিক বন বিভাগ তৃতীয় স্থান পেয়েছে।

‘ছ’ শ্রেণিতে বৃক্ষ সম্পর্কিত গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রথম হয়েছে চট্টগ্রামের বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট। দ্বিতীয় হয়েছে ঢাকার বন অধিদপ্তরের রিমস ইউনিট এবং তৃতীয় হয়েছেন ফরেস্টার মো. তৌহিদুর রহমান।

প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারীকে ১ লাখ, দ্বিতীয় স্থান অধিকারীকে ৭৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ৫০ হাজার টাকা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

এছাড়া পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি করে সনদ, একটি ক্রেস্ট পাবেন।