১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ পুনর্জাগরণের ৬০০তম আসরপূর্তি উদযাপন

সোহরাওয়ার্দী উদ্যানে একতারা, দোতারা, খঞ্জনিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সাধকশিল্পীরা চর্যাপদের গান পরিবেশন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 12:27 AM

Updated : 26 Aug 2026, 03:22 PM

চর্যাপদ পুনর্জাগরণের ৬০০তম আসরপূর্তি উপলক্ষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে ভাবনগর ফাউন্ডেশনের অনুষ্ঠান।

বুধবার ওই অনুষ্ঠানে সমবেত কণ্ঠে চর্যাপদের গান পরিবেশন করেন শাহ আলম দেওয়ান, বাউল অন্তর সরকার, সৃজনী তানিয়া, শিলা মল্লিক, অন্ধ আল আমিন সরকার পিপাসী, জিল্লুর সরকার, হেলাল উদ্দিন, ফতেহ কালাম, জ্ঞানহীন নাইম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চীনের অধ‍্যাপক দং ইউছেন ও শিখা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধী ভিক্ষুসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সাধকদের অংশগ্রহণে চর্যাসংগীত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে একতারা, দোতারা, খঞ্জনি, ডুগি, মন্দিরা বাজিয়ে শতাধিক সাধকশিল্পী চর্যাপদের বিভিন্ন সংগীত পরিবেশন করেন।

তৃতীয় পর্বে সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গের নির্ধারিত স্থানে প্রাচীন বাংলার চর্যাপদ পুনর্জাগরণের ৬০০তম আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক ইউছেন।

ভাবনগর ফাউন্ডেশনের পক্ষ থেকে অধ্যাপক ইউছেনকে চীনা ভাষায় অনুবাদ-সম্পাদনা ‘রবীন্দ্র রচনাবলি’ দেওয়া হয়। তাকে ‘রবীন্দ্রাচার্য’ উপাধিও দেওয়া হয়। অনুষ্ঠানে তিনি বাংলা ও চীনা ভাষায় বক্তব্য দেন।