Published : 06 Oct 2025, 10:51 AM
সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রশাসনে যুগ্ম সচিব স্তরে ‘বিশেষজ্ঞ’ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সম্ভাব্যতা যাচাই করছে সরকার।
ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত কমিটি এ বিষয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদন জমা দেওয়ার আগে কয়েক দফা বৈঠক করে তিন সচিব ও একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে গঠন করা এ কমিটি।
গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংষ্কার কমিশন যে প্রতিবেদন তৈরি করে, সেখানে যুগ্মসচিব ও তার ঊর্ধ্বতন পদে সরাসরি নিয়োগ চালুর সুপারিশ রয়েছে।
বর্তমানে একজন ব্যক্তি সরকারি কর্মকমিশন বা পিএসসির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবম গ্রেডে সহকারী সচিব পদে প্রশাসনে যোগ দিয়ে থাকেন।
পরবর্তী সময়ে তিনি জ্যেষ্ঠ সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব স্তরে উন্নীত হতে পারেন। অনেকেই সচিব বা জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
‘ল্যাটারাল এন্ট্রি’ বা ‘পার্শ্ব নিয়োগ’ বলতে বোঝায়, প্রশাসন ক্যাডারের বাইরে বিষয় ও দক্ষতাভিত্তিক নিয়োগ।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংষ্কার কমিশন যখন কোনো সুপারিশ করে, তখন এর সম্ভাব্যতা যাচাই করাটা দায়িত্ব হয়ে যায়। ক্যাবিনেট সেই কাজটিই করছে।”
সংস্কার কমিশনের সুপারিশে যা আছে
প্রশাসনের ‘পার্শ্ব নিয়োগের বিষয়টিকে’ স্বল্প মেয়াদি বলে বিবেচনার জন্য সুপারিশ করেছে এ সংক্রান্ত সংস্কার কমিশন।
পার্শ্ব নিয়োগের সুপারিশে বলা হয়েছে, সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসের বাইরে ৫ শতাংশ পদে সরকার বিশেষ কোনো যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে চুক্তিভিত্তিক যুগ্মসচিব বা সংস্থা প্রধান পদে নিয়োগ দিতে পারে। তবে পাবলিক সার্ভিস কমিশনের আওতায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহ্বানের পরে মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ হতে হবে। এছাড়া তাদেরকে দায়িত্ব দেওয়ার আগে কমপক্ষে তিন মাস ওরিয়েন্টেশন কোর্স সমাপ্ত করার বিধান করতে হবে।
মন্ত্রিপরিষদ গঠিত বাছাই কমিটিতে রয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ। এছাড়া অর্থ সচিব, স্থানীয় সরকার সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবও আছেন কমিটিতে।
সচিব সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আমরা একাধিক বৈঠক করেছি। গত মাসের শেষ দিকে প্রতিবেদনের চূড়ান্ত কপি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। আমরা শুধু সম্ভব্যতা যাচাই করেছি।
“আমরা আশপাশের কয়েকটি দেশে এ ধরনের নিয়োগের তথ্য তুলে ধরেছি। এসব নিয়োগের সুবিধা ও অসুবিধাও সুপারিশে বলা হয়েছে,” বলেন তিনি।
জনপ্রশাসনে সাড়ে ছয় হাজার কর্মকর্তা রয়েছেন। এরমধ্যে বর্তমানে যুগ্মসচিব পদে এক হাজার ২৭ জন কর্মকর্তা রয়েছেন।
সচিব রয়েছেন ৭৪ জন। গ্রেড-১ এ রয়েছেন ১৪ জন। ৩৩৯ জন অতিরিক্ত সচিব ও ৪৮ জন রয়েছেন সিনিয়র সহকারী প্রধান। সিনিয়র সহকারী সচিবের সংখ্যা ১ হাজার ৮৭২ জন ও সহকারী সচিব রয়েছেন ১ হাজার ৫৩১ জন। সব মিলিয়ে আছেন ৬ হাজার ৪৯৯ জন।
সচিব পদে বর্তমানে ১১ জন চুক্তিভিত্তিক পদে নিয়োগ পেয়েছেন।
প্রশাসনে পালাবদল: বদলি-পদোন্নতি নিয়ে ক্ষোভ-অস্থিরতা
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ ৫ দফা দাবি বৈষম্যবিরোধী কর্মচারি ঐক্য ফোরামের
জনপ্রশাসন সংস্কার: কিছু সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ইউনূসের
মন্ত্রণালয় কমিয়ে ২৫, প্রাদেশিক সরকারের প্রস্তাব সংস্কার কমিশনের