১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সংহতি জানিয়ে সৌদি যুবরাজকে তারেক রহমানের চিঠি

এর আগে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সরকারপ্রধানের কাছেও চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সংহতি জানিয়ে সৌদি যুবরাজকে তারেক রহমানের চিঠি
সরকার প্রধানের চিঠি সোমবার সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আবদুল করিম আল খুরাইজির কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 11:56 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে চিঠি পাঠানোর ধারাবাহিকতায় এবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সরকারপ্রধানের এ চিঠি সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আবদুল করিম আল খুরাইজির কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদে উপ-পররাষ্ট্রমন্ত্রী খুরাইজির সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংহতির বার্তা হস্তান্তর করেন।

উপদেষ্টা হুমায়ুন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টায় ইরান উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে রাষ্ট্রপ্রধানদের কাছে বিশেষ দূতের মাধ্যমে চিঠি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সৌদি আরবের আগে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সরকারপ্রধানের কাছে গিয়েছিল তার চিঠি।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টার আলোচনার কথা তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হুমায়ুন কবির বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করেন।

একইসঙ্গে সৌদি আরবের বাদশাহ এবং যুবরাজকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন। 

উত্তরে সৌদি উপমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের এ সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।