১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস সদস্যরা

বিচারিক দায়িত্ব পালনের সময়ে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্যও কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 12:54 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

কোচিং বাণিজ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সশরীরে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম- উভয় ধরনের কোচিং কার্যক্রম চালাতে পারবেন না তারা।

সোমবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ এ পরিপত্র জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

এতে বলা হয়, বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ন রাখা এবং বিচারিক দায়িত্ব পালনে পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, একই সঙ্গে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং সংক্রান্ত প্রচার-প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন না কিংবা এ ধরনের ব্যবহারের অনুমোদনও দিতে পারবেন না।

এছাড়া কোনো সদস্য বিচারিক দায়িত্ব পালনের সময়ে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করতে পারবেন না।

একই সঙ্গে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিংয়ের জন্য কোনো শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করা থেকেও তাদের বিরত থাকতে বলা হয়েছে।

এ পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।