১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপদেষ্টা রিজওয়ানার ‘বাসার সামনে হাতবোমা বিস্ফোরণ’

“মোটরসাইকেলে এসে দুই যুবক দুটি ককটেল ছুড়ে মারে। আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি,” বলেন নিউ মার্কেট থানার ওসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 11:44 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

ঢাকার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ‘জোড়া হাতবোমা বিস্ফোরণ’ হওয়ার কথা বলেছে পুলিশ। 

নিউমার্কেট থানার ওসি একেএম মাহফুজুল হকের ভাষ্য, রোববার রাত ৯টার দিকে সেখানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। 

খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে যাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

সিসিটিভির ভিডিও পর্যবেক্ষণের ভিত্তিতে ওসি বলেন, “মোটরসাইকেলে এসে দুই যুবক দুটি ককটেল ছুড়ে চলে যায়। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি।”

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে সোমবার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণা করা হবে।

মামলার বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

এর মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

এ রায় ঘিরে সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

এছাড়া রায় সামনে রেখে কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন, হাতবোমা বিস্ফোরণ ও সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে।