Published : 08 Feb 2026, 02:16 PM
দুর্নীতির অভিযোগের তদন্ত চলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান এবং তার স্ত্রী আমাতুছছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আজিজুর রহমানের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে।
“অনুসন্ধানকালে জানা যায়, আজিজুর রহমান সস্ত্রীক যে কোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে যাবেন। অনুসন্ধানকালে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ দুরূহ হবে। সুতরাং আজিজুর রহমান এবং তার স্ত্রী আমাতুছছামীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আনা প্রয়োজন।”