১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মঈনুলকে সরিয়ে সওজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে মনিরুজ্জামান

এ দায়িত্বে থাকা সৈয়দ মঈনুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঈনুলকে সরিয়ে সওজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে মনিরুজ্জামান
মো. মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 12:52 AM

Updated : 11 Sep 2026, 03:49 PM

তিন বছর পর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদে পরিবর্তন আনা হল। 

প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা সৈয়দ মঈনুল হাসানকে সরিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িকভাবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময় ২০২৩ সাল থেকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা মঈনুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মঙ্গলবারের আলাদা আদেশে এ পরিবর্তন আনা হল।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সওজের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ দপ্তরে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সওজের ১৮তম ব্যাচের কর্মকর্তা। 

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এই পদে পরিবর্তন আনা হল।

মনিরুজ্জামানকে নতুন দায়িত্ব দেওয়ার ফলে সওজের শীর্ষ কারিগরি ও প্রশাসনিক পর্যায়ে বদল এল। 

অধিদপ্তরের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প, সড়কের গুণগত মান, ঠিকাদারি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমে এখন প্রধান প্রকৌশলী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।

আরেকটি প্রজ্ঞাপনে সওজের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা সৈয়দ মঈনুল হাসানকে গ্রেড-৩ মর্যাদার কর্মকর্তা হিসেবে তুলে ধরে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

তার স্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার গত ২৯ জুলাই মারা যান।