২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৭১৫৭ হজযাত্রী

সরকারি ব্যবস্থাপনায় গেছেন পাঁচ হাজার ২০০ জন। আর, বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৮১ হাজার ৯০০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

চলতি বছরের হজের প্রাক ফ্লাইট শেষ হয়েছে। 

মন্ত্রণালয়ের সবশেষ হজ বুলেটিন অনুযায়ী, মোট ২২৪টি ফ্লাইটে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পোঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী বহন করেছে।

সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন পাঁচ হাজার ২০০ জন। আর, বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৮১ হাজার ৯০০ জন।

এ বছর হজ ফ্লাইট শুরু হয়েছিল গত ২৯ এপ্রিল; যা শেষ হওয়ার কথা ছিল ৩১ মে। 

তবে, ‘বিশেষ কারণে' সেটি একদিন বাড়ানোর ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। অর্থাৎ, হজ ফ্লাইট শেষ হয় ১ জুন।

তবে, হজের ফিরতি ফ্লাইটের সময়ে কোনো নড়চড় হয়নি। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন; শেষ হবে ১০ জুলাই।

এদিকে, হজে গিয়ে এ বছর এখন পর্যন্ত ১৭ জন হজযাত্রীর মৃত্যুর তথ্য দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মৃত হজযাত্রীদের ১৬ জন পুরুষ এবং একজন নারী। এর মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় সাত জন মারা গেছেন।

সবশেষ গত বৃহস্পতিবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা মো. খলিলুর রহমান (৭০) মক্কায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার গিয়েছিলেন। 

এ বছর মন্ত্রণালয় অনুমোদিত ৭০টি লিড এজেন্সির অধীনে অন্যান্য এজেন্সিগুলো হজ কার্যক্রম পরিচালনা করছে। আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।