Published : 12 Aug 2023, 10:35 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লেগে দুটো উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে।
শনিবার দুপুরের পৃথক এ দুই ঘটনায় যাত্রী ও ক্রুদের কেউ আহত না হলেও উড়োজাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে একটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবং অপরটি দুবাইভিত্তিক ফ্লাই দুবাই এর উড়োজাহাজ। পাখির আঘাতের পর দুটো উড়োজাহাজই মেরামতের জন্য হ্যাঙ্গারে নেওয়া হয়।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটির মেরামত শেষে রাত সাড়ে ৮টার দিকে পরবর্তী উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা-ব্যাংকক ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়েছিল। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। ওই বিমানের যাত্রীদের পরে অন্য একটি উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়।
বেলা সাড়ে ১২টার দিকে বিমানের ব্যাংককগামী ফ্লাইটটি উড্ডয়নের সময় রানওয়েতে চলতে শুরু করার সময় ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ে। পরে পাইলট জরুরিভাবে উড়োজাহাজটিকে থামাতে সক্ষম হন।
এর কিছুক্ষণ পর একই রকম ঘটনার শিকার হয় ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭। এটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা দাবি করছেন।
ফ্লাই দুবাইয়ের ঢাকার অপারেশন্স টিমের একজন কর্মকর্তা জানান, ১৮৫ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ওড়ার সময় এটির ইঞ্জিন ও ল্যান্ডিং গিয়ারে পাখি আঘাত করে। এতে ইঞ্জিনের কয়েকটি ব্লেড দৃশ্যত ক্ষতিগ্রস্ত হয়।

দুবাই থেকে এয়ারলাইন্সটির নিজস্ব প্রকৌশলীরা ঢাকার পথে রওনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, তারা এসে উড়োজাহাজটি দ্রুত মেরামত সম্ভব হবে কি না জানাবেন। আটকে পড়া যাত্রীদের হোটেলে রাখা হয়েছে।
পাখির আঘাতে দুর্ঘটনায় পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটে ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আকরাম আল হোসেন।
শনিবার রাত সাড়ে ১০টায় চারটি ছবি নিজের ফেইসবুক পেইজে শেয়ার করে তিনি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কথা জানিয়েছেন। বাংলাদেশ বিমানের বেলা সাড়ে ১১টার বিজি ৩৮৮ ফ্লাইটে স্ত্রীর চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছিলেন বলে উল্লেখ করেন।
তিনি দুর্ঘটনার বর্ণনা দিয়ে লেখেন, “বিমান রানওয়ের শেষ প্রান্তে অর্থাৎ উড্ডয়নের কয়েক সেকেন্ড আগে পাইলটের কড়া ব্রেক। বিমানের সামনের চাকা ফেটে গিয়েছে এটা বোঝা যাচ্ছে। পাইলট আস্তে আস্তে বিমান রানওয়ের শেষ প্রান্ত থেকে সাইড করে ঘোষণা দিলেন বিমান উড্ডয়নের সময় পাখির সাথে সংঘর্ষ হয়েছে। বিমান পরীক্ষা করে যাত্রার সময় জানানো হবে।
“বিমান থেকে নামার সময় একজন ক্রু দেখালেন একটা বাজপাখি ইঞ্জিনের সাথে আটকে আছে। আজ মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে সহ শতাধিক যাত্রীর জীবন রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। পরে বিকাল ৫টার ফ্লাইটে ব্যাংকক এসেছি। মহান আল্লাহ সব পারেন। মিরাকেল।"