Published : 04 May 2026, 09:13 PM
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের উত্তাল সময়ে তিন সরকারের সঙ্গে কাজ করা ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাতের কথা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাই কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশন বলেছে, ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতা করার জন্য হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
“তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে সংক্ষেপে পর্যালোচনাও করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতাসমূহ ও নতুন আকাঙ্ক্ষাসমূহের দ্বারা পরিচালিত হয়ে এই সম্পর্কটির ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।”
২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশন প্রধানের দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত করে ব্রাসেলস পাঠাচ্ছে দিল্লি।
সাড়ে তিন বছর আগে পেশাদার এই কূটনীতিক যখন ঢাকা মিশনের দায়িত্বে আসেন, তখন দুদেশের সম্পর্ক ‘সোনালী অধ্যায়ে’ থাকার কথা বলত দিল্লিতে নরেন্দ্র মোদী এবং ঢাকায় শেখ হাসিনার সরকার।

তার দায়িত্ব পালনকালে বিরোধীদের বর্জনের মধ্যে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
এরপর সাত মাসের মাথায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে চব্বিশের ৫ অগাস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তখন থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী।
সরকার পতনের পর আসা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কের টানাপড়েনের মধ্যে হাই কমিশনারের দায়িত্ব সামলান প্রণয় ভার্মা। এ সময় নানা বিষয়ে একে অপরের হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলব করেছিল ঢাকা ও দিল্লি।
দেড় বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেরিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকার ক্ষমতায় বিএনপির নতুন সরকার আসার পর ওই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে উভয় দেশ।
এর মধ্যে ঢাকা মিশনে পরিবর্তন এনে সাবেক মন্ত্রী দীনেশ ত্রিদেবীকে হাই কমিশনার করে পাঠাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার।
বিদায়ী সাক্ষাতের তথ্য দিয়ে হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “হাই কমিশনার নিজ নিজ জাতীয় উন্নয়নবিষয়ক অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি বজায় রেখে এবং দ্বিপক্ষীয় স্বার্থ ও কল্যাণের ওপর ভিত্তি করে সকল খাতে জনগণকেন্দ্রিক সহযোগিতাকে সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন।”
হাই কমিশন বলেছে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অবদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হাই কমিশনারকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বের ক্ষেত্রে তার সাফল্য কামনা করেন।
আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক এবং ভবিষ্যতমুখী সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী ধাপে হাই কমিশনারের সাফল্য করেছেন তিনি।