Published : 27 Aug 2025, 12:50 AM
বাংলাদেশের সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে ‘স্ববিরোধিতা’ থাকার কথা তুলে ধরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ বলেছিল রাষ্ট্রধর্ম চেঞ্জ করা যাবে না। আবার ওইদল তাদের ‘ধর্মনিরপেক্ষ’ দাবি করে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলাসহ সংবিধানের বিভিন্ন দিক নিয়ে শরীফ ভুঁইয়ার লেখা ‘রিভলিউশনারি কনস্টিটিউশনালিজম’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
আসিফ নজরুল বলেন, সাংবিধানিক আইন পড়তে গিয়ে দেখা যায় এর চেয়ে কৌতূহলোদ্দীপক জিনিস আর হয় না। বিশেষ করে পঞ্চদশ সংশোধনী।
“আমাদের সংবিধানের এক জায়গায় বলা আছে-আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। আবার একই সংবিধানের আরেক জায়গায় বলা আছে যে রাষ্ট্র ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেবে না, সম্পূর্ণ স্ববিরোধী কথা। অনুচ্ছেদ ২ এ এবং অনুচ্ছেদ ১২। ১২ কে রিভাইভ করেছিল পঞ্চদশ সংশোধনী। কিস্তু ২ এ-কে চেঞ্জ করেছিল, বাদ দেয়নি। সম্পূর্ণ স্ববিরোধী কথা।”
তিনি বলেন, “আরেকটি কথা ছিল যে রাষ্ট্রধর্ম ইসলাম। এটা কোনোদিন পরিবর্তন করতে পারবেন না, কেয়ামত পর্যন্ত পারবেন না। আওয়ামী লীগ বলেছিল, রাষ্ট্রধর্ম পরিবর্তন করা যাবে না। আবার ওইদল দাবি করে ধর্মনিরপেক্ষ দল।”
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারাহ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. এমদাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
আওয়ামী লীগ সরকারের পতনের পটভূমিতে পত্রিকায় লেখা কয়েকটি প্রবন্ধ-নিবন্ধের এ বই প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-ইউপিএল। বইটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা।