১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার সৈকতের বালিয়াড়ি থেকে স্থাপনা উচ্ছেদের নির্দেশ

“এসব স্থাপনা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে,” বলেছে মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 12:44 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি এলাকায় গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি এসব স্থাপনার লাইসেন্স ও অনুমোদনও বাতিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চিঠিতে কক্সবাজার জেলা প্রশাসককে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “১৯৯৯ সালে সরকার কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী এই এলাকায় ক্ষতিকর সব কার্যক্রম নিষিদ্ধ।

“এ এলাকায় বন উজাড়, বন্যপ্রাণি ধরা, ভূমি ও পানির বৈশিষ্ট্য পরিবর্তন, দূষণকারী শিল্প স্থাপন এবং বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ আইনত নিষিদ্ধ। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ভূমির শ্রেণি পরিবর্তনও করা যাবে না।”

আরও পড়ুন-

সৈকতের বালিয়াড়ি দখল: অনুমতিতেও প্রশাসন, উচ্ছেদেও প্রশাসন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আইন ভঙ্গ করে শত শত দোকান ও বাণিজ্যিক স্থাপনা তৈরি হয়েছে। এসব স্থাপনা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। এতে পরিবেশবান্ধব পর্যটনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”