১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রথম শ্রেণির ভর্তি লটারিতে, অন্য শ্রেণিতে পরীক্ষা ফিরছে

বেশ কয়েকবছর ধরে চলে আসা লটারি প্রথা গত মার্চে বাতিলের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 07:41 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল রেখে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত হওয়ার তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রীর আগের ঘোষণা থেকে সরে এসে মন্ত্রণালয় পরীক্ষার বদলে প্রাথমিক ও মাধ্যমিকে লটারি বহাল রাখার চিন্তা করছে চলতি সপ্তাহে এমন খবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানাল।

তবে চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করার কথো বলেছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বিএনপি সরকার গঠনের পর গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি প্রথা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “বছরের প্রথমে ভর্তি যেটা হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়।

“আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, দ্যাটস ইট।”

তবে লটারির বদলে ভর্তি পরীক্ষা আবার চালু করার ঘোষণায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বাড়তি চাপ এবং কোচিং বাণিজ্য ফিরে আসা নিয়ে সমালোচনাও আসে অভিভাবকদের তরফে।

এ নিয়ে আলোচনার মধ্যে চলতি সপ্তাহে সরকারি-বেসরকারি স্কুলে পরীক্ষার বদলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার আলোচনার খবর আসে। আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।

শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে সোমবার রাতে বলেছিলেন, “স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল রাখা যায় কিনা, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শীর্ষস্থানীয় এক কর্মকর্তাও নাম প্রকাশ না করার অনুরোধে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ভর্তিতে পরীক্ষার বদলে লটারি বহাল রাখার বিষয়ে ভাবা হচ্ছে। লটারি বহাল রাখা যায় কিনা বা কোন কোন শ্রেণিতে লটারি বহাল রাখায় যায়, সে বিষয়ে ভর্তি কমিটিকে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।”

আরও পড়ুন-

স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা

পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি প্রত্যাহার

‘ভাগ্য পরীক্ষায়’ স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী