Published : 09 May 2026, 11:50 PM
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে পালিত হলো ‘ক্লিনিং ডে’।
এই কার্যক্রমে সবার অংশগ্রহণ থাকলে ছয় মাসের মধ্যে ঢাকা শহর বদলে যাবে বলে বিশ্বাস ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামের।
শনিবার সকালে ঢাকার মালিবাগে তিনি কর্মসূচি উদ্বোধন করেন বলে ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রশাসক আবদুস সালাম বলেন, “আজ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।”
এইডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে ডিএসসিসি প্রশাসক সম্প্রতি প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেন। শনিবার ছিল এর প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম।