২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিইসির সঙ্গে কানাডার ‘অপজিশন ইন্টারন্যাশনাল’ প্রতিনিধিদের সাক্ষাৎ

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও ভোটাধিকারের বিষয়ে সহায়তা করতে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন সংস্থাটির প্রতিনিধিরা।

সিইসির সঙ্গে কানাডার ‘অপজিশন ইন্টারন্যাশনাল’ প্রতিনিধিদের সাক্ষাৎ
নির্বাচন ভবনে বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ‘অপজিশন ইন্টারন্যাশনাল’ এর নির্বাহী পরিচালক ওয়েন লিপার্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেছে কানাডাভিত্তিক ‘অলাভজনক’ সংস্থা ‘অপজিশন ইন্টারন্যাশনাল’ এর প্রতিনিধি দল।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার বিকালে দেখা করে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে ব্যাপক প্রচারে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি।

অপোজিশন ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ওয়েন লিপার্টের নেতৃত্বে প্রতিনিধি দলে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম, সংস্থাটির স্থানীয় টেকনিক্যাল পার্টনার ‘বাংলাদেশ ইলেকটোরাল এমপাওয়ারমেন্ট পোর্টাল’ (বিইইপি) প্রতিনিধি ছিলেন।

সাক্ষাৎ শেষে ওয়েন লিপার্ট বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও ভোটাধিকারের বিষয়ে সহায়তা করতে তারা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ করার কথা সিইসি তাদের জানিয়েছেন।

শহিদুল আলম বলেন, “প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে নতুন বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার। বিশেষ করে যারা গত জুলাইয়ের অভ্যুত্থানে রেমিটেন্স পাঠানো বন্ধ করে প্রতিরোধ দেখিয়েছিল এবং পরে তা আবার চালু করেছিল।

 “তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে আমরা একত্রিত হয়েছি। আমি এই প্রতিষ্ঠানের কেউ নই। তবে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের আশঙ্কা ছিল ভোটাধিকার থেকে বাদ পড়তে যাচ্ছেন। সেই উদ্বেগ থেকেই আমি তাদের সঙ্গে এসেছি।”

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগ নিয়েছে। নানা কার্যক্রমও হাতে নিয়েছে। এমন বাস্তবতায় অপজিশন ইন্টারন্যাশনালের প্রস্তাবগুলো আর প্রযোজ্যতা নেই। তবে ব্যাপক প্রচারে তাদের সহায়তার বিষয়টি তুলে ধরা হয়েছে।

বৈঠকে প্রবাসীদের জন্য একটি ডিজিটাল আউটরিচ পোর্টাল, সহজ ভাষায় তথ্য সরবরাহ, রেজিস্ট্রেশন সহায়তা ও দূতাবাসসমূহে তথ্য কেন্দ্র স্থাপনের মত কিছু আলোচনা হয়েছে বলে জানান শহিদুল আলম।

তিনি বলেন, “আমরা এমন একটি মেগাফোন হতে চাই, যার মাধ্যমে প্রবাসীদের কাছে ইসির বার্তা পৌঁছায়। অনেক সময় তথ্য ঘাটতির কারণে তারা প্রক্রিয়ার বাইরে থেকে যান। সেই জায়গায় সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য, এ সহায়তা থাকবে আমাদের।”

আরও পড়ুন-

প্রবাসী ভোট: পোস্টাল ব্যালটেই ঝুঁকছে ইসি, নিবন্ধন অনলাইনে

জাপানে এনআইডি সেবা জুলাই থেকে