এমপিওভুক্তির দাবি: বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধনের ডাক
আগের কর্মসূচিতে ‘পুলিশের লাঠিপেটার’ অভিযোগ তুলে ওই ঘটনার বিচার দাবি করেছে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।
এমপিওভুক্তির দাবিতে সারা দেশে দুই দিন মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হল রুমে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার তারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন।
এছাড়া ৩০ অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং এমপিওভুক্তির সুনির্দিষ্ট কোনো ঘোষণা না এলে শিক্ষা ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা।
আগের কর্মসূচিতে ‘পুলিশের লাঠিপেটার’ অভিযোগ তুলে ওই ঘটনার বিচার দাবি করে ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, “এমপিওভুক্তির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন ও শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলাম।
“সরকারের পক্ষে এমপিওর সুস্পষ্ট ঘোষণা না আসায় বৃহস্পতিবার বিকালে আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করি। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বাধা দিলে আমরা রাস্তায় বসে যাই।…তখন পেছন থেকে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের দিক থেকে শাহবাগ থানার ডিসি মাসুদ এর নেতৃত্বে জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়াশেলসহ বেধড়ক লাঠিচার্জ করা হয়। এতে শতাধিক শিক্ষক আহত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনায় আমরা শিক্ষক সমাজ লজ্জিত এবং লাঞ্ছিত।”
সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মেহেরাব আলী, শিক্ষক মোতাহের হুসেইন ও কামাল হোসেন উপস্থিত ছিলেন।
