১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্টেডিয়াম কোথায়? উদ্ধার করে দেওয়ার নির্দেশনা চান এমপি

“পরে শুনেছি স্টেডিয়াম ‘উধাও’ হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে গেছে। সরকার বলে স্টেডিয়াম ওখানে আছে। কিন্তু কুমিল্লা জেলায় এ নামে সাধ্যমত খুঁজে কোনো স্টেডিয়াম পাইনি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 08:12 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণ মিনি স্টেডিয়ামের অস্তিত্ব থাকলেও বাস্তবে সেটির ‘খোঁজ’ মিলছে না বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

স্টেডিয়ামটির জমি রেকর্ডে গাফিলতি, ক্রীড়া সামগ্রী আত্মসাৎ এবং বরাদ্দের অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, স্টেডিয়ামটি কোথায় আছে, তা খুঁজে বের করে উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা দরকার।

রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বাতিল নোটিসের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিন অধিবেশন শুরু হয়।

মনিরুল বলেন, “২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গঠনের পর সেখানে একটি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্টেডিয়াম নামে স্বীকৃতিও পেয়েছিল। দীর্ঘদিন চেষ্টা করেছিলাম। পরে শুনেছি স্টেডিয়াম ‘উধাও’ হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে গেছে। সরকার বলে স্টেডিয়াম ওখানে আছে। কিন্তু কুমিল্লা জেলায় এ নামে সাধ্যমত খুঁজে কোনো স্টেডিয়াম পাইনি।”

স্টেডিয়ামের জমি ও সম্পত্তির নথি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “কুমিল্লা দক্ষিণ উপজেলার নামে কেনা জমি ও বরাদ্দকৃত সম্পত্তির ফাইলটি ‘উধাও’ হয়ে গেছে। বিষয়টি আমার ইজ্জতের ব্যাপার। 

“দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে কাটিয়েছি। প্রধানমন্ত্রীও আছেন। এ স্টেডিয়াম কোথায়? তা উদ্ধার করে দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দরকার।”