১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারীর অধিকারে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

“আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 01:06 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে বর্তমান সরকারকে অঙ্গীকারবদ্ধ বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এই অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। 

তারেক রহমান বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য 'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবেন। সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবেন। আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি।”

নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়নে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেওয়া পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, “দেশনেত্রী দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এটি ছিল একটি বৈপ্লবিক সিদ্ধান্ত।”

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়।”