২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান-আনিসুলসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 12:26 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

জুলাই আন্দোলন ঘিরে মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক দুই মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

পাশাপাশি কাফরুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন। 

ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এদিন শুনানিতে আসামিদের আদালতে উপস্থিত করা হয়।  

মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ অগাস্টে মোহাম্মদপুরে তিন রাস্তার মোড় সংলগ্ন ময়ূর ভিলার সামনে ছাত্র জনতার সাথে মো. সোহেল রানা (৩৮) আন্দোলনে অংশ নেন। 

ওই সময় আন্দোলনকারীদের ওপর ছোড়া গুলিতে আহত হন সোহেল। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১১ জুন সোহেল মামলা করেন।

কাফরুল থানার হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে রাজধানীর কাফরুলে বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। 

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর তার স্বজন ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন।