১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্বল হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, সংকেত নামল

আবহাওয়া অফিস বলছে, দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 11:31 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ভারতের ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। 

বর্তমানে সেটি লঘুচাপ আকারে ভারতের ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

সাগরে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা কমে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এই সময়ে সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এই সময়ে সিলেটে দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, চট্টগ্রামের সন্দ্বীপে ৫০ এবং চাঁদপুরে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।