‘শুভক্ষণে শুভযাত্রায়’ শামিল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
“ঈদ উপলক্ষ্যে আমি দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।“
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার সকালে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, তিন বাহিনী প্রধান, সরকারি ও বেসরকারি ঊধর্তন কর্মকর্তা ও রাজনীতিকরা এই অনুষ্ঠানে আসেন।
পরে রাষ্ট্রপতি বলেন, “ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি সুপ্রিয় দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ এক অনুপম সামাজিক সম্প্রীতির উৎসবও।
“ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের যে শুভযাত্রা সূচিত হয়েছে, আসুন ঈদের এই শুভক্ষণে সেই শুভযাত্রায় ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার অঙ্গীকার করি।”
এর আগে সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীও ঈদের নামাজ পড়েন।
