১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইএসকে সমর্থন: মালয়েশিয়ায় এক বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসের পক্ষে প্রচার চালানোর অভিযোগ আনা হয় দিদারুলের বিরুদ্ধে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি ফেইসবুকে সমর্থনের দায় স্বীকার করা এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার হাই কোর্ট।

বিচারপতি আজহার আবদুল হামিদ শুক্রবার এ রায় দেন বলে খবর দিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

২৯ বছর বয়সী রেস্তোরাঁকর্মী মোহাম্মদ দিদারুল আলমের এ দণ্ড গ্রেপ্তারের দিন গত ২১ জুলাই থেকে কার্যকর হবে।

রায়ে বিচারক বলেন, “দণ্ডভোগ শেষ হলে অভিযুক্তকে তার নিজ দেশে প্রত্যর্পণ করারও আদেশ দেওয়া হল।”

ফ্রি মালয়েশিয়া টুডে লিখেছে, দিদারুলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আল মুবিন ইসলাম নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসকে সমর্থন দিয়েছিলেন। ২০২৪ সালের ২৭ মে সকাল ৮টায় বুকিত আমানের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার-টেররিজম (ই৮এম) বিভাগে এ অভিযোগটি করা হয়েছিল।

মালয়েশিয়ার দণ্ডবিধির ১৩০জে(১) ধারায় আনা এ অভিযোগে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধকর্মে ব্যবহৃত যে কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।

মামলার বিবরণ অনুযায়ী, পুলিশের তদন্তে উঠে এসেছে অভিযুক্ত দিদারুল তার ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসের প্রচার চালাতেন; সন্ত্রাসী সংগঠনটির ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট পোস্ট ও শেয়ার করতেন।

দিদারুল যে তার ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসের প্রপাগান্ডা ভিডিও, বিবৃতি ও ছবি প্রচার করেছিলেন তা একজন বাংলা অনুবাদকের বিশ্লেষণ প্রতিবেদনে পাওয়ার কথা বলা হয় মামলায়।

দিদারুল ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত অন্যান্য বিদেশির অপরাধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, সেজন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর আফতাল মারিজ মোহাম্মদ।

তিনি বলেন, “অভিযুক্তের আগের কোনো অপরাধের ইতিহাস নেই; তবে এটি একটি গুরুতর অপরাধ—যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।”

বিচার চলাকালে দিদারুলের কোনো আইনজীবী ছিল না। বাংলাদেশে থাকা বাবা-মাকে সহায়তাকারী হিসেবে তিনি আদালতে ক্ষমা প্রার্থনা করেছিলেন।

দোভাষির মাধ্যমে তিনি বলেছিলেন, “আমি কাজ করতে মালয়েশিয়ায় এসেছি এবং আমার ভুলের জন্য ক্ষমা চাই।”