২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লতিফ বিশ্বাস ও তার ২ স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়ায় গত ৫ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন সাবেক এ মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 11:14 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং তার দুই স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার মুখে পড়া বাকি দুজন হলেন- লতিফ বিশ্বাসের প্রথম স্ত্রী মমতাজ বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রী আশানুর রহমান।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান।

আবেদনে বলা হয়, লতিফ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। লতিফ বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের নামে দেশ-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। 

দুদক বলছে, তারা গোপন সূত্রে জানতে পেরেছে, আবদুল লতিফ বিশ্বাস ও তার পরিবারেরর সদস্যরা বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 

গত ৫ জানুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়ার নিজ গ্রাম থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। 

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে কারাগারে আছেন সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এ সংসদ সদস্য।