Published : 29 Apr 2026, 01:22 AM
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে ঢাকায় ব্রিটিশ হাই কমিশন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করে হাই কমিশনের একটি প্রতিনিধি দলের সদস্যরা।
জবাবে উপদেষ্টা বলেছেন, “কারিগরি সহায়তা প্রদানের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে আলোচনার মাধ্যমে সরকার সিদ্ধান্ত নেবে।
“বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্তরাজ্যের প্রশাসনের একটি লিগেসি আছে। তাই কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোসহ বাংলাদেশের প্রশাসনিক উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করতে পারে।"
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন বলেন, বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য নেইল গান্ধী বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা এবং আগের সরকারের সময়ে নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কিনা তা জিজ্ঞাসা করেন। এ বিষয়ে নির্বাচিত সরকার কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে সে বিষয়ে জানতে চান।
জবাবে ইসমাইল জবিউল্লাহ বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলে।
“বর্তমান সরকার প্রশাসনে যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি প্রদান করছে এবং হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”