হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা
“আমরা জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে আরো চার যুবক তাকে কুপিয়েছে,” বলেন ওসি হাফিজুর।
ঢাকার হাজারীবাগের ঝাউচর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ২৪ বছর বয়সি শিপন হাজারীবাগ বড় মসজিদ এলাকার বাসিন্দা, তার বাবার নাম শাহ আলম।
বুধবার রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঝাউচর সিয়াম স্কুলের গলিতে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।
রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান জানান।
তিনি বলেন, “নিহত শিপনের মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমরা জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে আরো চার যুবক তাকে কুপিয়েছে। আমরা জড়িতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছি।”
