Published : 31 May 2026, 05:00 PM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর হাটের ইজারদারদের মধ্যে যারা শর্ত অনুযায়ী বর্জ্য অপসারণ করেননি তাদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাটের ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এ ঈদে পশু কোরবানি করেন মুসলমানরা। ইসলামি নিয়ম অনুযায়ী তিন দিন পর্যন্ত কোরবানি করা যায়।
ঢাকাসহ বিভিন্ন নগরীতে পশুবর্জ্য অপসারণের বিষয়টিকে এবার গুরুত্বসহকারে নিয়েছে বিএনপি সরকার।
ঈদের দিন প্রধানমন্ত্রী রাজধানীতে কয়েক ঘণ্টা ঘুরে বর্জ্য অপসারণ পরিস্থিতি দেখেছেন। কাজে অবহেলা দেখে তাৎক্ষণিকভাবে দুই কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, তার এলাকায় ঈদুল আজহার পশুর হাট ও কোরবানির বর্জ্য অপসারণের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
ঈদের তৃতীয় দিন শনিবার রাত ১২টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন।
ডিএসসিসির দেওয়া হিসাব অনুযায়ী, বর্জ্য অপসারণের প্রথম দিন ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য অপসারণ করা হয়। দ্বিতীয় দিন ৮ হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিন ১২ হাজার ২৯৫ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে সরিয়ে নেওয়া হয়।
এই কাজে ডিএসসিসির নিজস্ব ও প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা প্রদানকারী-পিসিএসপিসহ মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী মাঠপর্যায়ে কাজ করেছেন। বর্জ্য পরিবহনে ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় গাড়ি ব্যবহার করা হয়েছে।
ডিএসসিসি নির্ধারিত ৩৫৭টি স্থানে তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে ডিএসসিসি প্রশাসক শর্ত অনুযায়ী ১১টি অস্থায়ী হাটের ইজারাদাররা নির্ধারিত সময়ে কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, জনভোগান্তি এড়াতে সিটি করপোরেশন নিজ দায়িত্বে এসব বর্জ্য অপসারণ করেছে।
“এর প্রেক্ষিতে শর্তভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে হাটের জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে।”
কোরবানির কার্যক্রম শেষ হলেও ডিএসসিসির তদারকি টিম এখনো মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে তুলে ধরে ডিএসসিসি এলাকার কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বর (০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। খবর পাওয়ার এক ঘণ্টার মধ্যে ওই বর্জ্য অপসারণ করা হবে বলে জানানো হয়।