Published : 29 Jan 2026, 01:16 AM
মধ্যরাতে ঢাকার তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী।
আন্দোলনকারীরা বলেছেন, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশ করেছে সরকার দুই উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি।
শিক্ষার্থীরা বলছেন, সরকারকে এই সুপারিশ বাতিল করতে হবে।
এ সুপারিশের কথা জানতে পেরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রাত পৌনে ১২টার দিকে সাতরাস্তা মোড় অবরোধ করেন।
‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনে নামা শিক্ষার্থীরা বলেছেন, দাবি আদায়ে বৃহস্পতিবার থেকে তারা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন।
কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাব্বির আহমেদ রাত সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহকারী প্রকৌশলী পদে বরাবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে গত বছর এ পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ চেয়ে আন্দোলন করেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
“তাদের দাবির প্রতিবাদে আন্দোলন শুরু করে ‘কারিগরি ছাত্র আন্দোলন’। পরে সরকার বিষয়টি সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য করে ৮ সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে আমরা জানতে পেরেছি।”
পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমরা এমন সুপারিশের তীব্র প্রতিবাদ জানাই। কারণ উপসহকারী প্রকৌশলী পদটি বরাবরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য ছিল।"
এদিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রমজান আলী রাত সোয়া ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রাত দেড়টার দিকে সড়ক ছেড়ে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে বৃহস্পতিবার থেকে ইয়ার ফাইনাল পরীক্ষা বর্জন করবেন শিক্ষার্থীরা।”