Published : 20 Nov 2025, 01:36 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে ফেইসবুকে ‘কটূক্তিমূলক পোস্ট করে সম্মানহানির’ অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার খারিজের আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য জানিয়ে বলেছেন, “মামলা গ্রহণ করার উপাদান না থাকায় আদালত তা খারিজ করে দিয়েছেন।”
সাইবার সুরক্ষা আইনে বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর মামলার আবেদন করেন। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি রেকর্ড করে বৃহস্পতিবার আদেশের জন্য রাখেন।
শাহিন মাহমুদ (এম. এইচ) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই মামলার আবেদন করা হয়েছে।
সেখানে অভিযোগ করা হয়, গত ১২ নভেম্বর তারেক রহমান দলীয় সমাবেশে ভিডিওকলে দেওয়া বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ’। আসামি শাহিন মাহমুদ ১৫ নভেম্বর তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে পোস্ট দেন।
“পোস্টে তিনি লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত’। এর মাধ্যমে আসামি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দুরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াসকে প্রস্ফুটিত করেছেন।”
অভিযোগে আরও বলা হয়, “তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরব কলুষিত করে আসামি উদ্দেশ্যমূলকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। আসামির দাবি করা ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি। এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী অপরাধ হয়েছে।”