১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এস আলম ও আব্দুল হান্নানের সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক বসানোর আদেশ

আদালত গত ১১ জানুয়ারি এস আলমের এবং ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পত্তি জব্দের আদেশ দেয়।

এস আলম ও আব্দুল হান্নানের সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক বসানোর আদেশ
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 04:53 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) নামে থাকা চট্টগ্রামের ৪৬৩ শতাংশ জমি ও স্থাপনা দেখভালে তত্ত্বাবধায়ক বা ‘রিসিভার’ বসানোর আদেশ দিয়েছে আদালত।

একই ধরনের আদেশ এসেছে বিমান বাহিনী সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের নির্দিষ্ট কিছু সম্পত্তির বিষয়েও। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এসব আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এসব তথ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন।

শেখ আব্দুল হান্নানের সম্পত্তির মধ্যে রয়েছে— খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট ও জমি, একই এলাকার আরেকটি ফ্ল্যাট ও জমি, নারায়নগঞ্জের রুপগঞ্জে তিনটি জমি, মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে ৩২০ বর্গফুট জমিতে নির্মাণাধীন ৭ তলা ভবন এবং তার স্ত্রীর নামে মিরপুরে ডিওএইচএসে ২ হাজার ২৫০ বর্গফুটের ফ্ল্যাট। 

গত ৬ মে এসব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। তার এসব সম্পদ দেখভালে ‘রিসিভার’ বসানোর আবেদন করেন দুদকের সহকারি পরিচালক মাহমুদুল হাসান।

অন্যদিকে এস আলমের যে জমি ও স্থাপনায় তত্ত্বাবধায়ক বসানোর আদেশ এসেছে, সেটা গত ১১ জানুয়ারি জব্দের আদেশ দেয় আদালত।

এসব সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক বসানোর আবেদন করেন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।