দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে ভারতের মণিপুর রাজ্য।
রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারিমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ও গবেষণা কেন্দ্র বলছে, মঙ্গলবার সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে ভারতের মণিপুর রাজ্য। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৩৬ কিলোমিটার।
ভূমিকম্পের পর দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেন।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাঈয়াৎ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভূমিকম্পের ফলে কোনো অবকাঠামোগত ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এর উৎপত্তিস্থল ছিল অনেক দূরে৷ সাধারণত এই মাত্রার ভূমিকম্পে তেমন ক্ষতি হওয়ার নজির নেই।”
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, ২০২৫ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সীমান্ত–সংলগ্ন এলাকায় এ পর্যন্ত ৩২টি ভূমিকম্প হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১০টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বৃহত্তর সিলেট এলাকায়।
