Published : 12 Jul 2025, 08:16 PM
রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারে তুলে ধরা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের বছরওয়ারী চিত্র; যেটির নামকরণ করা হয়েছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’।
মেট্রোরেলের এ অংশের পিলারগুলোতে আগের সরকারের সময়কার বিভিন্ন সময়ের আলোচিত ঘটনার চিত্রকর্ম ফুটিয়ে তোলার কাজ বেশ কয়েকদিন করছেন একদল শিক্ষার্থী।
ইতোমধ্যে বিভিন্ন পিলারে আঁকা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। কোথাও খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, শেয়ারবাজার ধস, ইলিয়াস আলী ‘গুম’, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনার ছবি এঁকে তুলে ধরা হয়েছে।
এছাড়া সন্ত্রাস, রিজার্ভ চুরি, হলি আর্টিসানে হামলা, প্রশ্নপত্র ফাঁস, খালেদা জিয়ার কারাবরণ, নিরাপদ সড়ক আন্দোলন, কালো আইন, কোভিডের অব্যস্থাপনা, মুজিববর্ষে বিপুল ব্যয়, জ্বালানি সংকট, আবরার হত্যা, একরামুল হত্যা, কোটা সংস্কার আন্দোলন, সাম্প্রদায়িক সহিংসতা, নাসিরনগরে হামলা, তনু ধর্ষণ, বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড, ফেলানী হত্যাকাণ্ড, বিরোধীদলের নেতাদের গ্রেপ্তারের মত ঘটনাও তুলে ধরা হয়েছে পিলারগুলোতে।
শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে গ্রাফিতি আঁকার এ কাজ পরির্দশন করেন।
এসময় তিনি বলেন, ধাপে ধাপে শাহবাগ থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পিলারে আরো গ্রাফিতি আঁকা হবে। জুলাই অভ্যুথানের বর্ষপূর্তিতে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
পুরো ঢাকা শহরে নানা পোস্টারে ‘ফ্যাসিবাদী’ সময় এবং আন্দোলন-সংগ্রামকে তুলে ধরা হবে বলেও তুলে ধরেন তিনি।
দেশের মানুষ যেন ‘ফ্যাসিবাদকে’ ভুলে না যায়, সেজন্য এসব কাজ করা হচ্ছে, বলেন ডিএনসিসি প্রশাসক।
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার এক ফেইসবুক পোস্টে লিখেছেন, তার আইডিয়ায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চলছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি অঙ্কন।