১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি গাড়িতে চড়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী

এর আগে তিনি এ গাড়ি ব্যবহার করেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 09:25 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

স্বাধীনতা ও জাতীয় দিবসে পতাকাবাহী গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে ভোরে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর জন্য যে নির্ধারিত গাড়ি রয়েছেন, সেই গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। এই গাড়িতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকা ছিল। রাষ্ট্রীয় গাড়ি এই প্রথম প্রধানমন্ত্রী ব্যবহার করলেন।

“আজকে একেবারেই সীমিত প্রটোকল নিয়ে প্রধানমন্ত্রী সাভারে আসেন।”

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের সাদা গাড়ি ব্যবহার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই গাড়িতে পতাকার ব্যবহার হয় না। 

এদিন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান ৫টা ৫৩ মিনিটে। স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‘এবার মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, তিন বাহিনী প্রধানসহ অন্যান্য ঊধর্বতন কর্মকর্তারা বাসে করে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। একটা আনুমানিক হিসাব করে দেখা গেছে, এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভিভিআইপি ও ভিআইপিদের পরিবহনে প্রায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি খবচ হয়।

“জ্বালানি সাশ্রয়ীর কথা বিবেচনা করে এবার ভিভিআইপিদের সীমিত প্রটোকল ও যানবাহন ব্যবহার হয়েছে। ভিআইপিগণ বাসে এসেছেন।”

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫ তম বার্ষিকীতে ভোর ৫টা ৫৬ মিনিটে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের বেদীতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় রাষ্ট্রীয় সালাম শেষে বিউগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, “জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। সেখান থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় ফিরে যান।”