ইরান যুদ্ধ: অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কমিটি করল সরকার
এ কমিটি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করবে।
ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়ার শঙ্কার মধ্যে বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি মন্ত্রিসভা কমিটি করেছে সরকার।
অর্থমন্ত্রীকে প্রধান করে সাত মন্ত্রীর এ কমিটি সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করবে।
কমিটি গঠনের বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতার পর সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় জ্বালানি তেলের মূল্যে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা দিয়েছে।
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট তৈরি হচ্ছে।
এ অবস্থায় সরকার অর্থনৈতিক স্থিতিশীলতায় রক্ষায় কমিটি করল।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।
কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করবে।
পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করবে কমিটি।
প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা করবে তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
