Published : 02 Mar 2026, 10:27 PM
একুশে পদক পাওয়া কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহানারা আরজু মারা গেছেন; তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সোমবার দুপুর দেড়টায় গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহানারা আরজু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের মা। তার স্বামী প্রয়াত এ কে এম নুরুল ইসলাম বাংলাদেশের উপরাষ্ট্রপতি, আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এ কে এম নুরুল ইসলাম পাকিস্তান আমলে ঢাকা হাই কোর্টের বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন।
জাহানারা আরজু দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞপ্তি বলা হয়, ১৯৩২ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণকারী এই নারী পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক ‘সুলতানা’ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদকের দায়িত্ব পালন করেন। অতি অল্প বয়সে তার সাহিত্যসাধনার সূচনা হয়। ১৯৪৫ সালে ‘আজাদ’ পত্রিকার ‘মুকুলের মাহফিল’-এ তার প্রথম কবিতা প্রকাশিত হয়।
পরবর্তীকালে ‘সওগাত’, ‘মোহাম্মদী’, ‘বেগম’, ‘মিল্লাত’ ও ‘ইত্তেহাদ’সহ বিভিন্ন সাময়িকীতে তার কবিতা ও রচনা প্রকাশিত হতে থাকে।
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে একুশে পদক পান। এর বাইরে আরো ২৫টি পুরস্কারে ভূষিত হন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মাগরিবের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হয়। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খলিলপুরে নিজ গ্রামে তার দাফন হওয়ার কথা রয়েছে।