১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোট: লটারিতে নির্বাচিত ৬৪ জেলার এসপি

“ডিএমপির ব্যাপারে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি,” বলেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 02:47 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সব জেলার জন্য পুলিশ সুপার নির্বাচিত হলো লটারিতে।

সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার নির্বাচিত হয়েছে। তবে ডিএমপির ব্যাপারে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।”

এর আগে গত ৬ অগাস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেদিন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য।

তফসিলের পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি দিয়ে থাকে ইসি। নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি শিগগিরই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে।

তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতে এলে সব ডিসি-এসপিকে একযোগে বদলির দাবি সম্প্রতি ইসির কাছে তুলে ধরেছে জামায়েতে ইসলাম। সেক্ষেত্রে প্রয়োজনে লটারির মাধ্যমে প্রশাসন ও পুলিশে বদলি করার পরামর্শ দিয়েছেন দলটির নেতারা।

আরও পড়ুন:

ভোটের আগে লটারিতে এসপি-ওসিদের বদলিস্বরাষ্ট্র উপদেষ্টা

তফসিলের পর মাঠ প্রশাসনে একযোগে রদবদল চায় জামায়াত