Published : 10 Jun 2026, 07:55 PM
ডেঙ্গু প্রতিরোধে নিজ আঙিনা পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া ও নাগরিকদের মধ্যে যত্রতত্র ময়লা না ফেলার অভ্যাস গড়ে তুলতে রাজধানীর মতিঝিল এলাকায় পরীক্ষামূলকভাবে ২০ জন ‘সিটি ইন্সপেক্টর’ নিযুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সিটি করপোরেশনের উদ্যোগে এবং ‘আছি বাংলাদেশ’-এর অর্থায়নে মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে ‘পরিচ্ছন্ন আঙিনা’ শীর্ষক ছয় মাস মেয়াদি একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই ‘সিটি ইন্সপেক্টর’দের নামানো হচ্ছে।
বুধবার নগর ভবন মিলনায়তনে প্রকল্পটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলা এ প্রকল্পে ২০ জন ‘সিটি ইন্সপেক্টর’ মাঠপর্যায়ে কাজ করবেন। মতিঝিল এলাকাকে ১০টি জোনে ভাগ করে তারা বাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করবেন, সচেতনতামূলক লিফলেট বিতরণ করবেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আবদুস সালাম বলেন, “একটি শহরকে পরিচ্ছন্ন রাখা শুধু সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়। এর জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। শহরের প্রতিটি বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন থাকলে পুরো নগরই বাসযোগ্য হয়ে উঠবে। আজ ৯ নম্বর ওয়ার্ডে যে কর্মসূচির সূচনা হল, তা সমগ্র নগরের জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে।”
মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে শুরু হওয়া এই কর্মসূচি সফল হলে তা নগরীর অন্যান্য ওয়ার্ডেও সম্প্রসারণের আশাবাদও জানান ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, “সিটি ইন্সপেক্টরদের মূল দায়িত্ব হবে নাগরিকদের সচেতন করা এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করা।”
অনুষ্ঠানে বলা হয়, প্রকল্পের আওতায় নাগরিকরা নির্ধারিত স্থানে বর্জ্য ফেলছেন কি না এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, তা পর্যবেক্ষণ ও জরিপ করা হবে। দায়িত্বশীল ও দায়িত্বহীন নাগরিকদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রচারের উদ্যোগও থাকবে।
অনুষ্ঠানে ‘আছি বাংলাদেশ’-এর প্রতিনিধিরা, সিটি ইন্সপেক্টররা, ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।