১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বনানীর সিসা বারে যুবক হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

‘৩৬০ ডিগ্রি’ নামের সীসা বারটির সিঁড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয় মহাখালীর যুবক রাব্বিকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 06:15 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

ঢাকার বনানী এলাকায় সিসা বারে ছুরি মেরে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে হত্যার মামলায় নতুন গ্রেপ্তার দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনে শনিবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাদের মোট চার দিন রিমান্ডের আদেশ দিয়েছেন।

এর মধ্যে আ. মালেক মুন্নার তিন দিন ও মাকসুদুর রহমান হামজার এক দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, আদালতে তাদের দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. আমজাদ শেখ। আসামিদের আইনজীবী মো. ওসমান গণি জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

মুন্না ও হামজাকে শুক্রবার কুমিল্লার বরুড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

তাদের আগে বনানী থেকে মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭) নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মামলাটিতে ছয়জন গ্রেপ্তার হলেন।

বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের সীসা বারটিতে ৩১ বছর বয়সী রাব্বি খুন হন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে। তিনি মহাখালী এলাকার বাসিন্দা। ছুরিকাঘাত করা ব্যক্তিরা তার পূর্বপরিচিত বলে ধারণা পুলিশের।

সবশেষ গ্রেপ্তার দুইজনকে রাব্বি হত্যাকাণ্ডের ‘প্রধান আসামি’ হিসেবে তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলছে, ইন্টারনেট ব্যবসায়ী রাব্বি ও তার বন্ধু নুরুল ইসলাম খোকন সেদিন ওই সিসা বারে যান। ভোর সাড়ে ৫টার দিকে ভবনের চতুর্থ তলা থেকে সিড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় মুন্না এবং হামজা পথরোধ করেন রাব্বির। তখন মুন্নাকে দেখে রাব্বি জানতে চায়, ‘তুই এই সময় এখানে কেন?’

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওই কথা বলা মাত্রই রাব্বির সঙ্গে মুন্না ও হামজার বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা চাকু বের করে রাব্বিকে উপর্যুপরি আঘাত করেন।

রাব্বির সঙ্গে মুন্না ও হামজা দীর্ঘদিন ধরে ওই সিসা বারে যেতেন। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে ‘দ্বন্দ্ব’ চলছিল। বুধবার রাত ১টার দিকে মুন্নাকে সিসা লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলেন রাব্বি। এ ঘটনার পাশাপাশি পূর্বশত্রুতার জেরে ভোরবেলা রাব্বিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বলছে র‌্যাব।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এর মধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে।