২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারতীয় সেনাপ্রধান ঢাকায়

জেনারেল শফিউদ্দিনের আমন্ত্রণে দুই দিনের সফরে এসেছেন জেনারেল পান্ডে।

ভারতীয় সেনাপ্রধান ঢাকায়

সেনা সদরে পরিদর্শন বইয়ে সই করেন জেনারেল মনোজ পান্ডে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 05:29 PM

Updated : 05 Jun 2023, 06:47 PM

দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে তার এই সফর বলে জানিয়েছে আইএসপিআর ও ঢাকায় ভারতীয় দূতাবাস।

গত এপ্রিলে ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। ওই সফরে তিনি চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ‘পাসিং আউট প্যারেড’ পরিদর্শন করেছিলেন।

জেনারেল মনোজ পান্ডেও মঙ্গলবার চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৪তম লং কোর্সের অফিসার ক্যাডেটদের ‘পাসিং আউট প্যারেড’ পরিদর্শন করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

সোমবার ঢাকায় পৌঁছেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের সেনাপ্রধান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

Image

জেনারেল মনোজ পান্ডেকে সেনাকুঞ্জে দেওয়া হয় ‘গার্ড অব অনার’

এরপর সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিনের সঙ্গে বৈঠক করেন মনোজ পান্ডে।

“সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন,” বলা হয় আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে।

ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোজ পান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন।

পাসিং আউট প্যারেড পর্যবেক্ষণের সময় জেনারেল পান্ডে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রফি’ তুলে দেবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এমন দেশগুলোর যে আধিকারিকরা বিএমএ থেকে পাস করছেন, তাদের মধ্যে সেরা জনকে এই ট্রফি প্রদান করা হবে। এবার এই পুরস্কার পাচ্ছেন তানজানিয়ার অফিসার ক্যাডেট এভারটন।”

Image

জেনারেল শফিউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে জেনারেল মনোজ পান্ডে

“দু’দেশের সেনাবাহিনীর মধ্যে ঘন ঘন এই যোগাযোগ ও যৌথ কর্মসূচি ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক হচ্ছে।”

আইএসপিআর বলছে, “ভারতীয় সেনাবাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও ভারত এর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।”

সফর শেষে বুধবার জেনারেল পান্ডে ভারতে ফিরে যাবেন।

ভারতের সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন জেনারেল পান্ডে।