৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ডাক বিভাগের ডেটাবেইজে সবার ঠিকানা সংরক্ষণে গতি আনার তাগিদ

ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা এবং শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতের প্রকল্পগুলোতেও গতি আনার কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 05:47 PM

Updated : 30 Sep 2026, 05:47 PM

দেশের প্রতিটি নাগরিকের ঠিকানা ডাক বিভাগের ডেটাবেইজে সংরক্ষণের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা এবং শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার প্রকল্পগুলোতেও গতি আনার কথা বলা হয়েছে।

সংসদ ভবনে বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কার্যক্রম, জনবল, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ খাতের নীতি প্রণয়ন, বাস্তবায়ন, ডেটা ও তরঙ্গ ব্যবস্থাপনা, টেলিযোগাযোগ শিল্প, পার্সেল সেবা এবং ওয়াই-ফাই সেবার চলমান কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করা হয়। বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা, ভূমি সেবার মান উন্নয়ন এবং ইন্টারনেট ব্যবহারের খরচ কমানোর পরিকল্পনাও বৈঠকে তুলে ধরা হয়েছে।

বিটিসিএলের অব্যবহৃত সম্পদ কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা এবং ডাক বিভাগের পার্সেল সেবা বাড়ানোর বিষয়ও আলোচনায় আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে এআই সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্ট ব্যবহারে সহায়তা এবং কলসেন্টারের মাধ্যমে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমও আরও গতিশীল করার কথা বলা হয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা বাড়ানো এবং শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা নিশ্চিতের প্রকল্পগুলোতেও গুরুত্ব দিয়েছে কমিটি।

নতুন প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহারে দক্ষ করে তোলা এবং কর্মসংস্থান তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়তার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সেবার মান বাড়াতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, আবুল খায়ের ভূঁইয়া, তমিজ উদ্দিন, মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশ নেন।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।