১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক যুব দিবস ঘিরে যুবকদের উচ্চ রক্তচাপ নিয়ে প্রজ্ঞার ওয়েবিনার

উচ্চ রক্তচাপ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সংকট মারাত্মক আকার ধারণ করবে, বলেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা।

আন্তর্জাতিক যুব দিবস ঘিরে যুবকদের উচ্চ রক্তচাপ নিয়ে প্রজ্ঞার ওয়েবিনার
‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শিরোনামে মঙ্গলবার ওয়েবিনার করেছে প্রজ্ঞা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 06:21 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

‘আন্তর্জাতিক যুব দিবস’ ঘিরে যুবকদের উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ে ওয়েবিনার করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

মঙ্গলবার ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শিরোনামে এ ওয়েবিনার হয়েছে।

প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল ওয়েবিনারে বলেন, “বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮ এর তথ্য অনুযায়ী ১৮-৩৯ বছর বয়সি জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। যুবাদের মধ্যে এই সংখ্যা আরো উদ্বেগজনক হারে বাড়ছে, যা আতঙ্কের।”

তিনি বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ এবং এর মধ্যে ১৯ শতাংশই অকাল মৃত্যু হয়ে থাকে।

“এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এই সংকট মারাত্মক আকার ধারণ করবে।”

ওয়েবিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথ এর অধ্যাপক মলয় কান্তি মৃধা, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এর সহ-সভাপতি ও ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

প্রতি বছর ১২ অগাস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়ে থাকে।